স্পেন দল থেকে সরে দাঁড়ানোর হুমকি পিকের

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১২:৩৭
কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে বরাবরই সরব ফুটবলার জেরার্ড পিকে। স্বাধীনতা প্রশ্নে গণভোট নিয়ে যখন উত্তাল নিজের অঞ্চল তখন চুপ থাকেননি স্পেনের অনেক সাফল্যের এই অংশীদার। সেই ভোটগ্রহণের দিনটিতে খেলতে চায়নি বার্সেলোনা। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ অনেকটা জোর করেই তাদের মাঠে নামতে বাধ্য করে। শেষ পর্যন্ত বার্সা খেলেছে ঠিকই, তবে দর্শকশূন্য মাঠে রুদ্ধদ্বারভাবে।
 
এই ম্যাচে খেলাটা ক্যারিয়ারের জন্য সবচেয়ে বাজে অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন পিকে। ম্যাচ শেষে ক্ষোভের স্বরেই বললেন, ‘খেলা খুবই কঠিন ছিল। এটি ছিল আমার পেশাদার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সাত বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলেছি। কিন্তু আজ যা হলো, তা গোটা পৃথিবী দেখেছে।’
 
সহিংসতার ঘটনায় এতোটাই ক্ষুব্ধ হয়েছেন যে, প্রয়োজনে স্বাধীনতার প্রশ্নে স্পেন দল ছাড়তেও দ্বিধাবোধ করবেন না। তিনি বলেন, ‘বিশ্বাস করি, আমি জাতীয় দলের হয়ে খেলতে পারব। আমার মতো অনেকেই গণতন্ত্রে বিশ্বাস করেন এবং এ রকম সহিংস ঘটনার বিরোধিতা করেন। যদি না হয়, তবে আমি সরে দাঁড়াব। ফেডারেশনের কেউ যদি মনে করেন আমি সমস্যা করছি, তবে ২০১৮ বিশ্বকাপের আগেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব। প্রয়োজনে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নেব।’
 
পিকে বরাবরই স্পেনের স্বাধীনতার পক্ষে সোচ্চার। স্বাধীনতার পক্ষে নিজের ভোট দিয়ে সেই ছবি টুইটারে পোস্টও করেছেন। রাজনৈতিক মতাদর্শের কারণে কট্টর স্প্যানিশ জাতীয়তাবাদীরা সবসময়ই তাকে বাঁকা চোখে দেখেন।
 
ইত্তেফাক/কেআই