অসুস্থ দাদা ইদ্রিস মণ্ডলকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে লাশ হলো মাদ্রাসা ছাত্রী শুকতারা (১৪)। ইটভাটার ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিলো তার প্রাণ।আজ সোমবার বেলা ১১ টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের বৈদ্যনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। শুকতারা এসময় ভ্যানযোগে জীবননগরে আসছিলো। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ নারী-পুরুষ প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের একটি ইটভাটা হতে ইট বোঝাই করে বেপরোয়া গতির ট্রাক্টরটি হাসাদাহ অভিমুখে যাচ্ছিলো। বৈদ্যনাথপুরে পৌঁছলে ট্রাক্টরটি অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী হাসাদহ আমডাঙ্গাপাড়ার নজরুল ইসলাম নজুর মেয়ে হাসাদাহ মডেল ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী শুকতারা ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে রাস্তা অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যাত্রীবাহী বাসসহ যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানোর পদক্ষেপ নিচ্ছে বলে থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
