মানিকগঞ্জে ভুয়া সাংবাদিক, ডিবি পুলিশ ও চোরাই স্বর্ণসহ আটক ৫

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:২৯
মানিকগঞ্জে ভুয়া সাংবাদিক, ডিবি পুলিশ ও চোরাই স্বর্ণসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটক করার সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৫ লাখ ৪ হাজার টাকা, ১৬৮ ভরি স্বর্ণালংকার ও ১ ডিএসএলআর ক্যামেরা, ০৪টি ওয়াকিটকি, একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়। 
 
আটকতৃতার হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার মূলফদগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন শান্তর ছেলে সাজ্জাদ হোসেন সম্রাট (২৭), কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী থানার ময়দাশ এলাকার তৈৎুদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৬), ২১৮/৫ পশ্চিম আগারগাঁও এলাকার আব্দুর রব সুলতানের ছেলে রহিম সুলতান (২১), ঢাকা জেলার হাজারীবাগ থানার ওয়াশপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে আলামিন (২৬) ও ভোলা জেলার লাল মোহন থানার চর তিথিয়া এলাকার কালু ইদ্রিসের ছেলে সুমন (৩০)।
 
উল্লেখ্য, গত ১ অক্টোবর সন্ধ্যায় সিংগাইরের চারিগ্রাম বাজারে স্বর্ণের ব্যবসায়ী মো. মনির হোসেনের (৩৫) দোকানের ম্যানেজার কমল স্বর্ণের দোকান বন্ধ করে একটি স্কুল ব্যাগে অনুমান ১৬৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ ৪ হাজার টাকা দোকানের মালিক মনিরের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য পবনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা দেয়। চারিগ্রাম পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে অবস্থানরত একটি সাদা রংয়ের নোয়া মাইক্রোবাস নিয়ে ৭/৮ জন অজ্ঞাতনামা লোক ম্যানেজার কমলকে আহত করে তার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গাড়িতে উঠতে না পারায় একজনকে আটক করে। পরে পুলিশ মাইক্রোবাসটির পিছু নিয়ে নবাবগঞ্জ থানার বালুখণ্ড বাজার থেকে আরও ৪ জনকে আটক করে।
 
এসব তথ্য সোমবার দুপুরে জেলা পুলিশের এক লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, এসপি ডি এসবির সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
ইত্তেফাক/এমআই