‘রোহিঙ্গা ক্যাম্পের জন্য ৫শ সড়কবাতি ও ২ হাজার হোম-সিস্টেম প্যানেল’

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:০৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ১২টি রোহিঙ্গা ক্যাম্পের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাঁচশ’টি সড়কবাতি এবং দুই হাজার হোম-সিস্টেম প্যানেল বরাদ্দ দেয়া হয়েছে।
 
আজ সোমবার কক্সবাজারে একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দেয়া ত্রাণসামগ্রী গ্রহণকালে একথা জানান তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের স্রোত এখনও থামেনি। এই স্রোতের সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
 
তিনি বলেন, এ সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার। রোহিঙ্গাদেরকে সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে। 
 
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, সাইমুম সারওয়ার কমল, আশিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই