তরুণীকে আত্মহত্যার প্ররোচনাকারী সোহেল গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মিষ্টির আত্মহত্যার প্ররোচনাকারী সোহেল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর সোমবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায় ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তারকৃত সোহেল সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় এ পর্যন্ত বখাটে সোহেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সাদুল্লাপুর থানার ওসি মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বখাটে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
 
প্রসঙ্গত. গত ১৯ সেপ্টেম্বর বিকেলে মিষ্টি স্কুল শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিলো। পথে সোহেল ও তার ৩/৪ জন সহযোগী মিষ্টির পথরোধ করে। পরে সোহেল তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তারা মিষ্টিকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই অপমান আর লজ্জায় বাড়ি এসে সবার অজান্তে মিষ্টি বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় মিষ্টি বাবা মোস্তা মিয়া বাদী হয়ে সোহেলসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করে।
 
ইত্তেফাক/এএম।