রোহিঙ্গা ইস্যুতে ছোট মনের পরিচয় দিয়েছে বিএনপি : তোফায়েল

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:৫৯
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ জাতিসংঘসহ বিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি তার সমালোচনা করছে। এর মাধ্যমে বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে। তবে ছোট মন নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে মন বড় করতে হয়।’
 
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উত্পাদনশীলতা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। শিল্প মন্ত্রণালয়াধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন এ সেমিনারের আয়োজন করে।
 
তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও তাদের কাছেই যাননি। তিনি এখনও লন্ডনে বসে আছেন। বিএনপির উচিত্ ছিল রোহিঙ্গা ইস্যুতে অন্তত প্রধানমন্ত্রীর প্রশংসা করা। কারণ তার এ ভূমিকাকে বিশ্বের পত্রপত্রিকাগুলো তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করছে।’ 
 
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। এবারের পাঁচ লাখসহ মোট নয় লাখ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমরা জানি আশ্রয়হীন মানুষ কত কষ্টে জীবনযাপন করে। ১৯৭১ সালে আমরা ভারতে যেভাবে আশ্রয় নিয়েছিলাম।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যেগ গ্রহণ করা হবে। তিনি বলেন, একটি দেশে উচ্চ উত্পাদনশীলতা থাকলে সে দেশের মানুষের জীবনমানও উচ্চতর অবস্থানে নিয়ে যায়। এজন সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’
 
ইত্তেফাক/এমআই