চুরির অপরাধে কিশোর সাগরকে গাছে ও খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে, যেখানে সাগরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেখানে এলাকাবাসী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, মানবাধিকার কমিশনের সহসভাপতি মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, রাতের সংসদের সভাপতি সামছুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ খোরশেদ আলী, মোজাফ্ফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ আহাম্মদ, চরশ্রীরামপুর এলাকাবাসীর পক্ষে মিয়া হোসেন মুন্সি, মনসুর আলী, হাছেন আলী, মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, আল ইমরান মুক্তা, কবি সেলিম আল রাজ, শলমা জাহান বীথী, শামছুজ্জামান আরিফ, শামীম আনোয়ার, সাংবাদিক আনোয়ার হোসেন শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের ফাঁসি দাবি জানান।
এদিকে সাগর হত্যাকাণ্ডের মূলহোতা আক্কাছ আলীকে র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতারের পর ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করে। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) আক্কাসকে জিজ্ঞাসাবাদের জন্য ও হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে ১০ দিনের রিমাণ্ড চেয়ে শনিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ এর বিশেষ বিচারিক আদালতে সোপর্দ করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান আক্কাসকে ৫দিনের রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএম।
