শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চ শিক্ষা নয়। উচ্চ শিক্ষায় সেই বিষয়গুলোতে জোর দিতে হবে, যেগুলোর মাধ্যমে বাস্তবে কাজ করা যায়।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষার প্রচলিত ধারা পরিবর্তন করতে চাই। বিশ্ববিদ্যালয় মানে জ্ঞানচর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টি করা। এ ধারায় আমরা এগিয়ে যাচ্ছি।’
সোমবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘শিক্ষার লক্ষ্য নিয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাদের সরকার সহযোগিতা করে যাবে। কিন্তু মুনাফার লোভে যারা বিশ্ববিদ্যালয় করেছেন, তাদের থাকতে দিব না। নিজস্ব ক্যাম্পাসসহ সকল শর্ত পূরণ করতে হবে।’
ইত্তেফাক/এএম।
