‘তিন সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে’

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১১:১৬
 
‘বাবা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাসাতেও ফিরেছেন। এখন তিনি বিশ্রামে আছেন। আর তিন সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে। এ সময়টাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।’
 
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা অলিজা মনোয়ার ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
 
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর গত ২৫ সেপ্টেম্বর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে রিং পড়ানো হয়েছে। হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।
 
এর আগে গত ২০ সেপ্টেম্বর,বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
 
উল্লেখ্য, চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। এরপর নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। প্রথম ছবি ‘টাকার পাহাড়’, মনতাজুর রহমান আকবর ছবিটি পরিচালনা করেন। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত ‘হাবিলদার’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি।
 
ইত্তেফাক/আনিসুর