ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে এক সন্তানের জননী জান্নাতুল মারিয়ার (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে মৃত স্ত্রীর মরদেহ ফেলে পালিয়েছে স্বামী পারভেজ।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩ বছর আগে সিংহেশ্বর গ্রামের হারুন রশিদের পুত্র পারভেজ একই গ্রামের মোতালেবের কন্যা জান্নাতুল মারিয়াকে প্রেম করে বিয়ে করে। এক বছর পর তাদের ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম হয়। মঙ্গলবার দুপুর একটার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী পারভেজ স্ত্রী মারিয়াকে নিয়ে আসে জ্বরের ওষুধ প্যারাসিটামল অতিরিক্ত খেলে ফেলার চিকিত্সার জন্য। কর্তব্যরত চিকিত্সক সংজ্ঞাহীন মারিয়াকে ইসিজি করিয়ে মৃত ঘোষণা করলে স্বামী পারভেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে যায়।
মারিয়ার পরিবার ও এলাকাবাসী বলছে, বাবার একমাত্র পুত্র পারভেজ বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। প্রেম করে পরিবারের অমতে বিয়ে করায় মারিয়া সব সইয়েই স্বামীর সাথে ঘর সংসার করে আসছিল। এমনকি তার পরিবারেও নির্যাতনের কথা কখনো বলতো না মারিয়া। সোমবার রাতভর মারিয়াকে নির্যাতন করা হয়েছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ মোল্লা ইত্তেফাককে জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতালে রওনা দিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখছে।
ইত্তেফাক/এএম।
