ভোলার চরফ্যাশনে সুদের টাকা বাবদ ৫০০ টাকা না দেয়ায় এক নুর আলম (৩৫) নামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরে আলম চরমানিকা ৫নং ওয়ার্ডের মৃত বারেক বয়াতীর ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই হানিফ রয়াতী বাদী হয়ে মৃত মতলেব ঢালীর ছেলে করিম ঢালীসহ দুইজনকে আসামি করে সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ এবং নিহতের স্ত্রী কুলছুম জানায়, ধানের উপর লগ্নি বাবদ সুদের ৫০০ টাকা পাওনা নিয়ে সোমবার দুপুরের পর চর কচ্ছপিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নুর আলমের সাথে বিরোধে জড়ায় করিম ঢালী। বিরোধের একপর্যায়ে করিম ঢালী নুর আলমকে ধাক্কা দিয়ে চলন্ত একটি ব্যাটারি চালিত অটোরিকশার উপর ফেলে বেদধড়ক মারধর করে। এতে তার মাথায় আঘাত প্রাপ্ত হয়। সেখানে উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিলে ডাক্তার উন্নত চিকিত্সার জন্য বরিশাল পাঠায়। বরিশাল নেয়ার পথে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে পৌছলে তার অবস্থা খারাপ দেখে ভোলা সদর হাসাপালে নিলে সন্ধ্যার পর কর্তব্যরত ডাক্তার নুরে আলমকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সিকদার বলেন, এ ঘটনায় নিহতের ভাই হানিফ বয়াতী বাদী হয়ে নির্দিষ্ট দুইজনসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে তত্পর রয়েছে।
ইত্তেফাক/এএম।
