নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে ভারতীয় পরিবার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:৩৯
 
নারায়ণগঞ্জে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পরে সর্বস্ব খুইয়েছেন একটি ভারতীয় পরিবার। মঙ্গলবার  সকাল পৌনে ৬টার দিকে শহরের মিশন পাড়া রোডে এ ঘটনা ঘটে।
 
এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন সদর মডেল থানার ওসি।
 
ভারতীয় নাগরিক শুকলা দের কাকা শ্বশুর বাবুল দে জানান, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে শুকলা, তার স্বামী রতন দে এবং মেয়ে রক্তিমা দে ভারতের কলকাতা থেকে সোহাগ পরিবহনের বাসে নারায়ণগঞ্জ চাষাড়া জিয়া হলের সামনে নেমে তার জন্য অপেক্ষা করতে থাকেন। তার বাসা শহরের ডন চেম্বার (ব্যাংক কলোনি) এলাকায়।
 
তিনি জিয়া হলের সামনে গিয়ে একটি রিকশায় শুকলা ও রক্তিমাকে উঠিয়ে দেন।আরেকটি রিকশায় রতনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর শহরের মিশনপাড়া এলাকায় একটি সাদা প্রাইভেটকার করে আসা ৩/৪জন যুবক গাড়ির জানালার গ্লাস খুলে শুকলার হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ টেনে ধরে। টানাটানির সময় শুকলা রিকশা থেকে ছিটকে রাস্তার ওপর পরে যান। এতে তিনি নাক, মুখ ও ডান হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
 
বাবুল দে আরো জানান, ব্যাগটিতে তিনটি ভারতীয় পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন, ভারতীয় আইডি কার্ড ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল।
 
শুকলা দে জানান, তারা কলকাতার ১০৪নং বাটানগর এলাকার বাসিন্দা। কিছুদিন পরেই তার মেয়ে রক্তিমার (১৫) স্কুলে পরীক্ষা হবার কথা। পাসপোর্ট না পেলে তিনি এখন কি করে দেশে ফিরবেন এনিয়ে দু:শ্চিন্তায় রয়েছেন।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ  বলেন, ‘এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে ওই প্রাইভেটকারটি শনাক্ত করার চেষ্টা করছি।’
 
ইত্তেফাক/ আরকেজি