স্থলমাইন বিস্ফোরণে আরো ১ রোহিঙ্গা নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:৪৫
নাইক্ষ্যংছড়ির সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে আরো এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মািয়ানমার সীমান্তের ৪৪ নম্বর পিলারের চাকঢালার সাফমারাঝিরির বিওপির ওপারে স্থলমাইন বিষ্ফোরণের এ ঘটনা ঘটে।
 
নিহত রোহিঙ্গা নাগরিকের নাম নুরুচ্ছফা। তিনি মিয়ানমারের মংডু জেলার তাইংডেবা বলিবাজার গ্রামের মৃত কাছিম উদ্দিনের পুত্র। স্থলমাইন বিস্ফোরণে চাকঢালা পয়েন্টে এ পর্যন্ত ৬ রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মািয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে অনুপ্রবেশ করে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-পুত্র সহকারে বসবাস করছিলেন। নিহত নুরুচ্ছফাসহ আরো বেশ কয়েকজন রোহিঙ্গা নাগরিক মংডুতে ফেলে আসা গরু আনতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
স্থানীয় সমাজকর্মী আব্দুর রশিদ জানিয়েছেন, নিহত নুরুচ্ছফার লাশ জিরো পয়েন্টে দাফনের জন্য অন্যরা চেষ্টা করছে।
 
স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরোয়ার কামাল জানিয়েছেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। যেহেতু ঘটনাটি বাংলাদেশের ভিতরে নয়, তাই লাশটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
 

ইত্তেফাক/এএম।