মেহেরপুর গাংনী উপজেলার রায়পুর গ্রামরে কৃষক ইয়ারুল হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা এ রায় দেন। দণ্ডিতরা হচ্ছেন- তরিকুল ইসলাম তারিক, কামাল হোসেন, পাঞ্জাব আলী, খলিলুর রহমান খলিল, লাল মিয়া ও আশিরুল ওরফে রাশেদুল। এদের মধ্যে খলিল, লাল মিয়া ও রাশেদুল পলাতক রয়েছেন। বাকি তিনজন রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলো। আদালতের নির্দেশে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৩১ অক্টোবর রাতে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া মাঠে রায়পুর গ্রামের মৃত খবির উদ্দীনের ছেলে ইয়ারুল ইসলামকে গলাকেটে হত্যা করে আসামিরা। ইয়ারুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিলো। এদিকে মরদেহ উদ্ধারের পরদিন নিহত ইয়ারুল ইসলামের স্ত্রী চম্পা খাতুন বাদী হয়ে গাংনী থানায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন এসআই মেজবাহ উদ্দিন নামের নামে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষী প্রদান করেন। আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া এই মামলার বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী শহিদুল হক। তিনি বলেন, রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
ইত্তেফাক/জামান
