বান্ধবীর কাছে ১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে লাস ভেগাস হামলাকারী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:২৬
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলাকারী স্টিফেন প্যাডক ফিলিপাইনে তার বান্ধবীর কাছে এক লাখ মার্কিন ডলার পাঠিয়েছিল। গত মাসে তার বান্ধবী ফিলিপাইন সফরে গিয়েছিল। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে বুধবার ম্যানিলা কর্তৃপক্ষ একথা জানায়।
IMG0
ফিলিপাইনের জাতীয় তদন্ত ব্যুরো (এনবিআই) জানায়, মার্কিন তদন্ত সংস্থা এফবিআই মারিলো ড্যানলি নামের ওই বান্ধবীকে খোঁজার বিষয়ে তাদের কাছে সহায়তা চেয়েছে। এনবিআই মুখপাত্র নিক সুয়ারেজ এএফপিকে বলেন, ড্যানলি গত মাসে ফিলিপাইনে আসেন এবং পরে তার একাউন্টে স্টিফেন এক লাখ মার্কিন ডলার পাঠায়। এএফবিআই এই নারীকে খুঁজে পেতে ইন্টারপোলের ফিলিপাইন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। 
IMG1
সুয়ারেজ জানান, তদন্তের জন্যে এফবিআই ড্যানলিকে গুরুত্বপূর্ণ মনে করলেও তাকে সন্দেহ করা হচ্ছে না। তবে ড্যানলি (৬২) এখনো ফিলিপাইনে রয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলছে না সুয়ারেজ ও ফিলিপাইনের অন্যান্য কর্তৃপক্ষ। উল্লেখ্য, একজন জুয়াড়ি ও অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক প্যাডক (৬৪) গত রবিবার মান্দালে বে হোটেল রুম থেকে লাস ভেগাসের একটি কনসার্টে নির্বিচার গুলি চালিয়ে ৫৮ জনকে হত্যা ও ৫২৭ জনকে আহত করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু