আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, যে দলেরই হোক তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে।
আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৌদ্ধ সম্প্রদায়ের যে কোনো সমস্যা আওয়ামী লীগকে জানানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। দুর্বৃত্তদের কোন দল নেই। দুর্বৃত্তের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। সরকার ঘটনা ঘটার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সে ব্যাপারে বলা আছে।’
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মণি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষু ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
