সরাইলে হাওরে বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ শিকার, ক্ষতিগ্রস্ত জেলেরা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে সরাইল-শাহজাদাপুর সড়কের মলাইশ নামক স্থানে ব্রিজ সংলগ্ন খালের উপর অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করছে একটি প্রভাবশালী মহল। এতে প্রায় শতাধিক দরিদ্র জেলে পরিবার বেকার হয়ে পড়েছে।
 
অভিযোগ রয়েছে, ব্রিজের উত্তর প্রান্তে তিতাস নদী সংযোগের কেন্দ্রস্থলে মলাইশের ধুপের হাওরের মাগুরার খালে এ বাধঁটি বেঁধে মাছ শিকার করছেন একটি প্রভাবশালী মহল। এ হাওরে দেশি প্রজাতির পুঁটি, স্বরপুঁটি, টাকি, কৈ, শিং, বাইন, টেংরা, পাবদা ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে চলতি মৌসুমে। স্থানীয় দরিদ্র জেলে সম্প্রদায় উক্ত খালটিতে বর্ষা মৌসুমে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসত। প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে মাছ শিকার করায় এলাকার দরিদ্র জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হয়ে বেকার হয়ে পড়েছে।
 
এদিকে এলাকার কয়েকজন হাঁসের খামারের মালিক দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা তাদের হাঁস নিয়ে হাওরে চড়াতে পারছে না। অন্যদিকে বাঁধের কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসলি জমি রোপন করা যাচ্ছে না। এলাকাবাসী ও মত্স্যজীবীরা তিতাস নদী ও মাগুরার খাল থেকে বাঁধ অপসারণ করে সারাবছর উম্মুক্ত রাখার দাবি জানান। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, সমস্যাটির সমাধানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
 

ইত্তেফাক/এএম।