খুলনায় মেয়রের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৯
অসহনীয় জলাবদ্ধতা, ভাঙ্গাচোরা সড়ক, ময়লা-আবর্জনা ভর্তি ড্রেন-নর্দমা ও ভয়াবহ যানজট নিরসনে ব্যর্থ দাবি করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামানের পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
বুধবার বেলা ১১টায় নগরীর ২৭, ২৮, ২৪, ২৩, ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। নগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড় সংলগ্ন ইউসুফিয়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
এ সময় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, বর্তমান সিটি মেয়র অযোগ্য ও অথর্ব। খুলনা শহর আজ অচল হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই পানিবন্দী হয়ে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্ত রাস্তায় ওয়াসার পাইপলাইন বসানোর নামে খোঁড়াখুঁড়ি করে চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে। কিন্তু সিটি মেয়র মনিরুজ্জামান মনি এগুলো সমাধানে সম্পূর্ণ ব্যর্থ।
 
তিনি মেয়রকে উদ্দেশ করে বলেন, এ অবস্থায় যদি দ্রুত সমস্যার সমাধান না করতে পারেন তাহলে পদত্যাগ করে নগরবাসীকে মুক্ত করুন। অন্যথায় আপনার পদত্যাগের দাবিতে জনগণ সিটি কর্পোরেশন ঘেরাও করতে বাধ্য হবে।
 
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জাহিদুজ্জামান। বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, সাবেক কাউন্সিলর ডেজ এ মাহমুদ ডন, বীরেন ঘোষ, হাফেজ মো. শামিম, মনিরুজ্জামান সাগর, আসাদুজ্জামান রাসেল, নাগরিক ফোরামের নেতা নাজমুল আহমেদ স্বপন, খুলনা উন্নয়ন ফোরামের মারুফ হোসেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের হাসিবুর রহমান, সেলিম রহমান, বিজয় ঘোষ, সুজিত সাহা, ফেরদোস হোসেন লাবু প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।