বিভিন্ন নদনদীর ৫৩ পয়েন্টে পানি হ্রাস

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:২০
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ৩৪টির বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনা এবং সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা ও গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
 
আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে 
 
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই