ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় দলের দুই উদীয়মান স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহল। এই দুই উদীয়মান ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হলেন রোহিত শর্মা।
দুই স্পিনারের ক্রিকেটের বাইরে পছন্দের বিষয়সহ নানা বিষয়ে জানতে চান রোহিত। দেখে নেয়া যাক ওই সাক্ষাৎকারের কিছু অংশ-
রোহিত: তোমাদের তো মাঠের বাইরে প্রচুর অনুরাগী রয়েছে। কীভাবে তাদের সামলাও, বিশেষ করে নারীদের?
চাহল: আমি অনেক কথা বলি। কিন্তু কোনো মেয়ে সামনে এলে চুপ করে যাই। মেয়েদের দেখলে যেন শামুকের মতো খোলসে ঢুকে পড়ি। যদি কাউকে ৫-৬ বছর ধরে জানি, তাহলে ঠিক আছে। কিন্তু প্রথমবার কেউ এলে, আমি আর কথা বলতে পারি না। একটু হেসে চলে যাই।
কুলদীপ: আমার কাছে এটা সমস্যা নয়। আমি বেশি কথা বলি না। কাউকে যদি অনেকদিন ধরে জানি তবে অল্প কথাবার্তা বলি। তাছাড়, ওর (চাহল)-এর মতোই করি। আমি খুবই লাজুক। আমার আশেপাশে খুব বেশি নারী নেই। স্কুলে পড়ার সময়ও ক্রিকেটের ওপরই মনোযোগ থাকত। আমি এটা সামলাতে পারি। তবে এটা কঠিন নয়।
রোহিত: আগামী প্রজন্মের কাছে কোনও প্রবণতা গড়ে তুলতে চাও? মাঠের বাইরে তোমাদের আকর্ষণের বিষয় কী?
চাহল: আমি খুব হৈহুল্লোড় করতে ভালবাসি। আমি ঘরে থাকতে একদম পছন্দ করি না। কোনও পার্টি না থাকলে রাতের খাবারের জন্য বাইরে যেতে পছন্দ করি। আমি জোরে গান শুনতে ভালবাসি। যে জায়গায় জোরে গান বাজে সেখানে যেতে পছন্দ করি।
কুলদীপ: আমি বাড়িতেই থাকতে পছন্দ করি। আমি ফুটবল পছন্দ করি। যদিও খেলতে পারি না। কিন্তু দেখতে খুব ভালো লাগে। ছোটবেলায় অনেক আঘাত পেয়েছি। তাই ফুটবল খেলতে ভয় পাই। আমি খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি।
রোহিত: এবার দ্রুত কয়েকটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের পছন্দের অভিনেত্রী কে?
চাহল: ক্যাটরিনা কাইফ
কুলদীপ: জ্যাকুলিন ফার্নান্ডেজ
রোহিত: কোন গাড়ি চাও?
চাহল: পোরসে। যে কোনও মডেলের।
কুলদীপ: ফোর্ড মুস্তাং
রোহিত: কোথায় ডেটে যেতে চাও?
চাহল: বান্ধবী বা ভাবী পত্নীকে নিয়ে বোরা বোরা যেতে চাই।
কুলদীপ: আমার প্যারিস ভালো লাগে। সুযোগ পেলে সেখানেই যাব।
ইত্তেফাক/ইউবি
