মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দেয়ার জন্য গত ১ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে লুকিয়ে মাছ শিকার করা অব্যাহত রেখেছে।
এমন অভিযোগের পর বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মত্স্য বিভাগ পদ্মানদীতে অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় জেলেদের বিরুদ্ধে নদীতে অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদি।
উপজেলার জেষ্ঠ্য মত্স্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, দুপুরে উজানচর চর কর্নেশনা থেকে দেবগ্রাম পর্যন্ত পদ্মা নদীতে অভিযান কালে লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি জেলেদের নৌকা আটক করে। এ সময় নদীতে থাকা জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বা কোন মাছও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জালগুলো দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এনে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে থানা পুলিশের দল সহযোগিতা করেন।
ইত্তেফাক/এএম।
