ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই মাছ শিকার করায় গত চারদিনে পাবনার সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৩ জন জেলেকে গ্রেফতার এবং ৩২ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার আতিয়ার রহমান রহমান জানান, সরকার ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু কতিপয় অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার নিশ্চিন্তপুর, তারাবাড়ীয়, সাতবাড়ীয়া, রাইপুর, কামারহাট, গোয়ারিয়াসহ নাজিরগঞ্জ এবং হাসামপুরসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ শিকার করছিলেন। উপজেলা মৎস্য বিভাগ সুজানগর থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীর ওই সকল পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদের গ্রেফতার এবং জাল ও মাছ উদ্ধার করে।
পরে গেফতারকৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ১৯জন জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ এবং চারজন জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় মানিকদীর এতিম খানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়।
ইত্তেফাক/কেকে
