খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের দিন : ভূমিমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৮:২০
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
 
তিনি বলেন, জালিয়াত চক্র যতই শক্তিশালী হোক না কেন, তাদের কবল থেকে অবশ্যই কৃষি খাস জমি উদ্ধারে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করারও নির্দেশনা প্রদান করেন।
 
আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় কৃষি খাস জমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩৩তম সভায় সভাপতির বক্তৃতায় এ নির্দেশনা দেন তিনি। 
 
ভূমিমন্ত্রী বলেন, সারাদেশে জমির মালিকরা এখন সহজেই নামজারি, জমাভাগ, ভূমি উন্নয়ন কর ও জমির নকশা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারছে। 
 
দেশব্যাপী জীর্ণশীর্ণ ভূমি অফিসগুলোর আধুনিকায়নে সেসব অফিসের অবকাঠামো উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, কৃষি, অকৃষি, জলাভূমি, বনভূমি, পাহাড়, শিল্পাঞ্চলে ভাগ করে ল্যান্ড জোনিং প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই