দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কুতুপালং ক্যাম্পের বাইরে যেসব ক্যাম্পে রোহিঙ্গারা থাকছেন ক্রমান্বয়ে নিবন্ধিত-অনিবন্ধিত সবাইকে কুতুপালংয়ে নিয়ে আসা হবে।
কক্সবাজার সার্কিট হাউসে বুধবার রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রতিটি ব্লকে থাকবে প্রশাসনিক ও পরিসেবা ইউনিট এবং গোডাউন। এর ফলে সব ধরনের সেবা প্রদান সহজতর হবে।
মায়া আরো বলেন, রোহিঙ্গাদের বসবাসের জন্য প্রথমে আমরা দুই হাজার একর জমি বরাদ্দ দিয়েছিলাম। পরবর্তীতে আরো এক হাজার একর বাড়ানো হয়েছে।
প্রয়োজনে এই জায়গার পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়ে তিনি বলেন, কুতুপালংয়ে মোট সাড়ে পাঁচ হাজার একর জমি রয়েছে। প্রয়োজন হলে আমরা তাদের জন্য সবটুকু জায়গাই বরাদ্দ দিতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, কক্সবাজার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
