‘রোহিঙ্গা ইস্যুতে সার্ক স্পিকার্স অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৭
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সার্ক স্পিকার্স এবং পার্লামেন্টারিয়ান্স অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
 
তিনি আজ বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে সার্ক স্পিকার্স এন্ড পার্লামেন্টারিয়ান্স অ্যাসোসিয়েশনের ৮ম কনফারন্সের জেনারেল অ্যাসেমম্বলিতে বক্তৃতায় একথা বলেন। 
 
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জেনারেল অ্যাসেম্বলির আগে তিনি স্পিকার্স কাউন্সিলের সভায় যোগদান করেন। 
 
এরপর ৮ম স্পিকার্স সম্মেলনের উদ্বোধন করেন শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা শ্রীসেনা। ৮ম সার্ক স্পিকার্স সম্মেলন স্মারক ডাক টিকেটের উম্মোচন শেষে স্মারক বইতে স্বাক্ষর করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জেনারেল এসেম্বলীর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী। 
 
স্পিকার বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র ও বৈষম্য নিরসন, মানব সম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাবলয় তৈরিসহ গুরুত্বপূণ ইস্যুতে জনগণের স্বার্থে সংসদ কাজ করতে পারে। কেননা সংসদই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আর সংসদকে ঘিরে সংসদ সদস্যগণ দায়িত্ব পালন করে গেলে, কমিটি পদ্ধতির মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এবং বাজেট প্রণয়নে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারলে শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব, যার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ সহজে অর্জিত হতে পারে। বাসস। 
 
ইত্তেফাক/এমআই