রাজধানীর কদমতলী থানার ওয়াসা রোড এলাকায় পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- শাহজালাল (১৯) ও নোমান (১৮)। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ এ দু’জনের কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দু’টি চাকু, দু’টি চাপাতি ও ৭টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। ডাকাত দলের হামলায় মাহবুব ও নুরুল ইসলাম নামে পুলিশের দুই সদস্যও আহত হয়েছে। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার ওসি এমএ জলিল বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে ওয়াসা রোড এলাকায় ১৫/২০ জন মাদক ব্যবসায়ী অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগ্নেয়াস্ত্র ও বোমা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও শাহজালালের ডান পায়ের হাঁটুর নিচে ও নোমানের বাম পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় রাত ২টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আহত দুই মাদক ব্যবসায়ী পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছেন।
ওসি আরও জানান, গুলিবিদ্ধ দু’জনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এসব অভিযোগে শাহজালাল ও নোমান আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। তারা মাদক ব্যবসা ছাড়াও বিল্লাল নামে এক ডাকাতের সহযোগী। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআই
