চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হাজির পাড়া এলাকায় বুধবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আবু শরিফ (৩২) নামে এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।
এ ঘটনায় একই এলাকার ভেট্টা মিয়ার পুত্র রমজান আলীকে (২৩) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু শরিফ আছরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেন। পথে গাঁজার গন্ধ পেলে তিনি শোরগোল শুরু করেন। পরে ঘাতক রমজান আলী আবু শরিফের উপর অতর্কিতভাবে হামলা চালায়। একপর্যায়ে আবু শরিফকে কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আবু শরিফকে মৃত ঘোষণা করেন।
পরে ঘাতক রমজান আলী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রমজান আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
এলাকার ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ জানান, মো. আবু শরিফ ৬ অক্টোবর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। আর ঘাতক রমজান আলী ও তাঁর পিতা এলাকায় দিনদুপুরে গাঁজা বিক্রি করে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক রমজান আলী বিভিন্ন অসমাজিক কার্যকলাপের সাথে জড়িত। তার পিতা একজন গাঁজা বিক্রেতা। রমজান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
