শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২৩:২০

বিশ্ব সাহিত্য কেন্দ্রে  ‘দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য শিক্ষা নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা হলো বুধবার।

‘জাতীয় শিক্ষক দিবস ২০১৭’ উদযাপন উপলক্ষে এ গোলটেবিল আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার(বিওয়াইএলসি)। আলোচনায় বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নিয়েছেন।
IMG0
আলোচনায় দক্ষতার অভাবে সৃষ্ট বেকারত্ব এবং এই অভাব পূরণে শিক্ষাব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনায় একুশ শতকের পরিবর্তনশীলতার সাথে কীভাবে বর্তমান পাঠ্যসূচির সামঞ্জস্যতা গড়ে তোলা যেতে পারে তার ওপর আলোকপাত করা হয়।
 
আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আলমগির হোসেন।
 
প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভি বলেন, শিক্ষার কাজ শিক্ষার্থীদের মুখস্থ করানো না বরং তাদের প্রশিক্ষিত করা। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মানসিক শৃঙ্খলার দিকে দৃষ্টি দেওয়া।
 
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সুযোগ ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে আলোচকেরা শিক্ষাখাতে শিক্ষণ পদ্ধতির উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে কথা বলেন। তারা বর্তমানে প্রয়োজনীয় দক্ষতার সংকট এবং পাঠ্যসূচি কিভাবে শিক্ষার্থীদের এই সংকট দূর করতে পারে তা নিয়ে কথা বলেন।
 
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আলমগির হোসেন তার বক্তব্যে বলেন, “দেশের তরুণদের এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”
 
বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইজাজ আহমেদ তার বক্তব্যে বলেন, “তরুণদের মাঝে মূল্যবোধগুলো গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।”
 
দেশের প্রথম লিডারশীপ ইন্সটিটিউট বিওয়াইএলসি ভিন্ন মাধ্যমের তরুণদের মাঝে সেতুবন্ধন তৈরি, তাদের নেতৃত্বের দক্ষতা অর্জনে এবং সরকারি, বেসরকারি এবং অলাভজনক খাতে ভূমিকা রাখতে সহযোগিতা করতে নিরলস কাজ করে যাচ্ছে। 
 
বিওয়াইএলসির সিগনেচার প্রোগ্রাম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেইনিং এ বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষার্থীরা একসঙ্গে লিডারশিপ শেখার সুযোগ পায়।
 
ইত্তেফাক/নূহু