ঢাকা-শেরপুর-হালুয়াঘাট মহাসড়কের ফুলপুর পৌরশহরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় উপজেলা প্রশাসন ও সড়ক-জনপথ বিভাগ পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উচ্ছেদকারী দলের এক শ্রমিক টিনে কেটে আহত হয়।
উচ্ছেদ অভিযানের প্রথমদিন বুধবার আমুয়াকান্দা মোড় থেকে উপজেলা গেইট পর্যন্ত মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় তিন শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী, অফিসার ইনচার্জ(ওসি) আলী আহম্মেদ মোল্লা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ উঠেছে, একটি সিণ্ডিকেট অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকানোর নাম করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
সচেতন মহল বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত হওয়ায় একদিকে যেমন যানজট মুক্ত হবে, অপরদিকে পথচারিরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
এ ব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, মহাসড়কের দু’পাশে অবৈধভাবে জায়গা দখল করে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু
