ব্রাহ্মণশাসন স্কুলের ছাদে ফাটল ঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০১:৫৩


ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণশাসন এ.ইউ উচ্চ বিদ্যালয় ভবনের ছাদে ফাটল ধরায় প্লাস্টার খসে অফিস ও শ্রেণিকক্ষে পানি পড়ছে। বর্তমানে ছাদটি ড্যামেজ হওয়ায় প্লাস্টার খসে খসে পড়ছে। শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকির মধ্যেই ক্লাস করছেন শিক্ষার্থীরা।

ব্রাহ্মণশাসন এ.ইউ উচ্চ বিদ্যালয়টি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেঁষেই ব্রাহ্মণশাসন নামক স্থানে বিদ্যালয়টির অবস্থান। স্বাধীনতার পূর্ব ও  পরবর্তী সময়ে এ বিদ্যালয়টি উত্তর টাঙ্গাইলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নামে খ্যাত ছিল।

সত্তর ও আশির দশকের দিকে এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছিল প্রায় ১০০০-১২’শ। বর্তমানে বিদ্যালয়টির পশ্চিম ও দক্ষিণে রয়েছে দুটি টিনের ঘর। পূর্ব পাশে ১৯৬৯ সালে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থায়নে তিন কক্ষ বিশিষ্ট একটি বিজ্ঞানাগার নির্মাণ করা হয়। এতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস নেওয়া হতো।  বিজ্ঞানাগার ভবনটি লেখাপড়ার অনুপযোগী হয়ে পড়ায় আজ থেকে প্রায় ১০ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অসহায়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ ভবনটি। এটি এতই ঝুঁকিপূর্ণ যে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে।

এদিকে শ্রেণিকক্ষ সংকটের কারণে ১৯৯২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৯২ ফিট দৈর্ঘ্য তিন কক্ষ বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করে দেয়। এর কয়েক বছর যেতে না যেতেই ভবনের ছাদ চুঁইয়ে মেঝেতে পানি পড়তে থাকে। ছাদ চুঁইয়ে পানি পড়ায় পরবর্তীতে ছাদটি ড্যামেজ হয়ে যাওয়াতে ওই ভবনের ছাদের একটি অংশ ভেঙে অফিস কক্ষে পড়ে। অল্পের জন্য প্রাণে বেেঁচ যান বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তাত্ক্ষণিক ভেঙে পড়া ছাদের মেরামত করা হয়।

প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মীর জানান, ছাদটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে।

ইত্তেফাক/নূহু