মা ইলিশ ধরায় ভোলায় ৬ জেলের কারাদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১০:৩২
 
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে পৃথক দু'টি অভিযানে মা ইলিশ শিকার করায় ৬ জেলেকে আটক করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. কুদদূস'র নেতৃত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন এর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ২২০০ মিটার কারেন্ট জাল সহ ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
    
সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন জানান, বুধবার রাতে তারা তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় ইব্রাহিম খলিল, বাবুল, রুবেল ও মিজানুর বহমান নামে চার জেলেকে আটক করা হয়। ওই সময় ‌১ হাজার মিটার কারেন্ট জালসহ ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
 
অন্যদিকে একই দিন ভোরে তেতুলিয়ায় অপর একটি অভিযানে শহিদ ও সাকিব নামে দুই জেলে আটক সহ ১২০০মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে প্রত্যেককে দুই বছর করে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত ২২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশগুলো স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান