পাবনার সুজানগরের অধিকাংশ অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের অভ্যন্তরে অন্তত দুই শতাধিক পাকা সড়ক রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে গত ১০/১২ বছর আগে ওই সকল সড়ক পাকা করা হয়।
এসব সড়কের মধ্যে কাচুরী থেকে বোনকোলা ভায়া শ্রীপুর সড়ক, রাইপুর বাজার থেকে বোনকোল বাজার সড়ক, সুটকার মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে শ্যামনগর সড়ক, নাজিরগঞ্জ বাজার থেকে হাসামপুর ভায়া খলিলপুর সড়ক, মালিফা থেকে নাজিরগঞ্জ বাজার সড়ক, ভাটিকয়া থেকে নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড সড়ক, সাগরকান্দী বাজার থেকে বড়রিয়া ভায়া কামালপুর কালীঘর সড়ক, দুলাই চরগোবিন্দপুর বাজার থেকে চরদুলাই বাজার সড়ক, চব্বিশ মাইল বাজার থেকে আহম্মদপুর ইউনিয়ন পরিষদ সড়ক, ভাটপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এবং সুজানগর-দুর্গাপুর সড়ক অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন এসব সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট-সুরকি এবং কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। কোন কোন সড়কের ইট-সুরকি উঠে মাটি বের হয়ে গেছে। অথচ সড়কগুলো দিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ দৈনন্দিন প্রয়োজনে মাইক্রোবাস, সিএনজি, ভটভটি এবং করিমনসহ বিভিন্ন যানবাহনযোগে জেলা ও উপজেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
সেই সাথে এলাকার কৃষকরা ওই সকল সড়ক দিয়ে মহিষের গাড়ি এবং ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনযোগে তাদের কৃষিপণ্য ঘরে তোলে।পাশাপাশি এলাকার শিক্ষার্থীরাও সড়কগুলো দিয়ে স্থানীয় স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু প্রতিটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী মহল সড়কগুলো সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
ইত্তেফাক/জামান
