বাহুবলে সাবেক সেনাসদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:৪২
 
হবিগঞ্জের বাহুবলে সাজিদুর রহমান টেনু মিয়া (৫০) নামে সাবেক এক সেনাসদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
 
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন সাজিদুর রহমান টেনু মিয়া। সকাল ৮টায় আদিত্যপুর নামক স্থানে পৌঁছুলে একটি মাইক্রোবাস এসে তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে। পরে সিএনজি থেকে সাবেক সেনাসদস্যকে নামিয়ে কয়েকজন এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাহুবল থানার ওসি তদন্ত বিশ্বজিত দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।
 
ইত্তেফাক/জামান