'সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী; কোনো বিশ্বাস, জাতি বা ধর্মের দ্বারা পরিচিত হওয়ার অধিকার তার নেই'- গত মঙ্গলবার জাতিসংঘ সদরদফতরে চলতি ৭২তম সাধারণ পরিষদের 'মেজারস্ টু এলিমিনেট ইন্টারন্যাশনাল টেরোরিজম' শীর্ষক এক আলোচনায় একথা বলেন- বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি।
গত সেপ্টেম্বর মাসে ৭২তম অধিবেশনের হাই লেভেল সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণে সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে যে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে এমপি মাহজাবিন খালেদ এ সভায় তা উদ্বৃত্ত করে বলেন, 'প্রথমত: সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দ্বিতীয়ত: সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ করতে হবে, তৃতীয়ত: শান্তিপূর্ণভাবে সকল আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করতে হবে'। এছাড়া সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'জিরো টলারেন্স' নীতি অনুযায়ী বর্তমান সরকার আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতিগত পর্যায়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ এবং অগ্রগতি অব্যাহত রেখেছে মর্মেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
এমপি মাহজাবিন খালেদ মিয়ানমারের রোহিঙ্গা রাজ্যে সাধারণ জনগণের ওপর সাম্প্রতিক সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অনাকাঙ্ক্ষিত আক্রমণের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে বলেন, 'আমরা এই দুর্দশাগ্রস্ত মানুষদের মানবিক সাহায্য ও আশ্রয় দিয়েছি বটে, কিন্তু কোন সন্ত্রাসী ও সহিংস চরমপন্থি গোষ্ঠী যাতে তাদের এই অসহায়ত্বের সুযোগ গ্রহণ করতে না পারে সে বিষয়ে সচেতন রয়েছি। শুধু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই নয়, দীর্ঘস্থায়ী এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের খোঁজে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি'।
এর আগে একই দিনে তিনি সামাজিক উন্নয়ন এজেন্ডাভুক্ত আরেকটি সভায় বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন। এছাড়া ২ অক্টোবর তিনি ৭২তম সাধারণ পরিষদের আওতাভুক্ত দ্বিতীয় কমিটিতে স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এমপি মাহজাবিন খালেদ ৭২তম অধিবেশনের চলতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।
ইত্তেফাক/জামান
