লবণ ছিটিয়ে দেওয়ায় শুকিয়ে যাচ্ছে ১০ বিঘা পটল ক্ষেত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪২
 
নওগাঁর বদলগাছীতে ১০ বিঘা পটলের ক্ষেতে লবণ ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পটলক্ষেতটি শুকিয়ে যাচ্ছে।
 
ঘটনাটি ঘটেছে বদলগাছী সদরের কামালপুর গ্রামের সেনপাড়া ইটভাটার পাশের পটলক্ষেতে। বুধবার বিকেলে তথ্য সংগ্রহ কালে কামালপুর গ্রামের আ. ছাত্তার জানায়, তার ১৫ কাঠা পটল ক্ষেতে লবণ ছিটানো হয়েছে। গোলাম রসুলের ৬ কাঠা, আ. রাজ্জাকের ৮ কাঠা, কুদ্দুসের ৫ কাঠা, উমর ফারুকের ১৭ কাঠা হলুদ ও সীম, সেনপাড়া গ্রামের বাসুর ৮ কাঠা, উৎসবের ৭ কাঠা সহ ১৫/২০ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমিতে লবণ ছিটিয়ে দেওয়ায় পটলের গাছ শুকিয়ে যাচ্ছে।
 
কৃষকেরা জানায় সোমবার রাতে কে বা কারা এ লবণ ছিটিয়েছে। পরের দিন মঙ্গলবার সকালে গ্রামবাসী দেখতে পায় ক্ষেতের জমি সাদা হয়ে রয়েছে। জমিতে গিয়ে দেখতে পায় বস্তা বস্তা লবণ ছিটানো হয়েছে। সঙ্গে সঙ্গে কৃষকেরা বালতি দিয়ে পানি ছিটিয়ে কিছু পটলক্ষেত রক্ষা করেছে। তারপর দুপুরের আকাশের বৃষ্টিতে লবণ ধুয়ে যাওয়ায় কৃষকরো অনেকটা উপকৃত হয়। তার পরেও কোন কোন কৃষকের শতভাগ আবার কারো অর্ধেক কারো আংশিক পটলক্ষেত শুকিয়ে গেছে।
 
ক্ষতিগ্রস্ত কৃষক আ. ছাত্তার বাদী হয়ে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে শাহিনুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, পটলক্ষেতে কে বা কারা লবণ ছিটিয়েছে সেটি বের করতে তদন্ত চলছে।
 
ইত্তেফাক/জামান