দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ বিতরণ ও সংগ্রহের নামে কোনো গোষ্ঠীকে রাজনৈতিক ফায়দা লুটতে দেয়া হবে না। রোহিঙ্গা ইস্যুটি সরকার সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। সবাইকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সৈয়দ এমএ হাশেম এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সাময়িকভাবে রাখা হচ্ছে। কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রত্যেক ব্লকের জন্য একটি প্রশাসনিক ও পরিসেবা ইউনিট ও একটি গোডাউন স্থাপন করা হবে। এর ফলে সব ধরনের সেবা প্রদান সহজতর হবে।
ত্রাণমন্ত্রী বলেন, ৪ লাখ ২০ হাজার লোক ধরে প্রথমে ৮৪ হাজার শেড নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছিল। ইতোমধ্যে ৭০ হাজারের অধিক শেড নির্মাণ করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার সেড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয় যা দেশি-বিদেশি এনজিওদের সহায়তায় দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে। সেডগুলো সাময়িক সময়ের জন্য নির্মাণ করা হচ্ছে।
ক্যাম্পের ভিতর আইন শৃংখলা রক্ষায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে এবং পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। বাসস
ইত্তেফাক/ইউবি
