সারাদেশ চলচ্চিত্র উৎসব শুরু শুক্রবার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৬
আগামীকাল শুক্রবার থেকে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’ শুরু হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় একযোগে ১৬ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। 
 
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর আগামীকাল বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী সন্ধ্যায় নির্মাতা রিয়াজুল রিজুর চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’প্রদর্শিত হবে।  
বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ কথা জানান।
 
এ সময় বক্তব্য রাখেন উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি ও শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বাসস
 
ইত্তেফাক/ইউবি