খুলনায় প্লাটিনামের পর ক্রিসেন্ট জুট মিলের উৎপাদন বন্ধ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:৫৫
 
খুলনা শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বকেয়া মজুরির দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুবিলি জুট মিলের পর এবার ক্রিসেন্ট জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চলতিসহ ৮ সপ্তাহের মজুরির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল বের করে। 
 
ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিল দুটিতে শ্রমিকদের চলতিসহ আট সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। নিয়মিত মজুরি না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারই ধারাবিহকতায় গত বুধবার থেকে প্লাটিনাম জুবিলি জুট মিল ও বৃহস্পতিবার ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।  
 
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি সোহরাব হোসেন বলেন, শ্রমিকদের অবস্থা ভালো নয়, আট সপ্তাহ মজুরি না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে তারা আন্দোলন শুরু করেছে। 
 
ক্রিসেন্ট জুট মিলের উপ-মহাব্যবস্থাপক আহমেদ হোসেন জানান, মিলে মজুদ পণ্য বিক্রি না হওয়া ও ছুটির ফাঁদে শ্রমিক-কর্মচারীদের বেতন-মজুরি বকেয়া পড়েছে। 
 
এরমধ্যে শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের বেতন রয়েছে। প্রতি সপ্তাহে শ্রমিকদের মজুরি দেড় কোটি টাকা ও দুই মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় এককোটি টাকা। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।  
 
ইত্তেফাক/কেকে