বিশ্বব্যাংক ও আইএমএফ সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন অর্থমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৫৩
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত উক্ত সভায় অংশ নেয়ার পাশাপাশি বিশ্বব্যাংক আয়োজিত তামাক পণ্যের কর ও অভ্যন্তরীণ কর ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি বিশেষ সেশনে অংশ গ্রহণ করবেন অর্থমন্ত্রী।
 
সফরকালে তিনি মিগার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং সিইও কেইকো হোন্ডা, আইএমএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিটসুহিরো ফুরুসাওয়া, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এর প্রেসিডেন্ট জিন লিকুয়ানের সঙ্গে ভিন্ন ভিন্ন সভায় মিলিত হবেন।
 
এ ছাড়াও মন্ত্রী নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনকেভ অন ‘জার্নি অব বাংলাদেশ ফর্ম এমডিজি টু এসডিজি’ শীর্ষক সভায় যোগদান করবেন। জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি