রোহিঙ্গা নির্যাতন মানবতাবিরোধী অপরাধের শামিল:সিডও বিশেষজ্ঞ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:০৪
রাখাইনের সহিংসতা মানবতাবিরোধী অপরাধের শামিল বলে উল্লেখ করেছে জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন অ্যাগেইনিস্ট উম্যান (সিডও) এবং কমিটি অন দ্য রাইটস অব দ্য চাইল্ড (সিআরসি)। 
 
রোহিঙ্গা মুসলিম বিশেষত নারী ও শিশুদের ওপর নৃশংসতা বন্ধের জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির বিশেষজ্ঞরা। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তের জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 
 
বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, রাখাইনে হত্যা, ধর্ষণ, জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করাসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গা নারী ও শিশুদের ভাগ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এসব অপরাধ মানবতাবিরোধী অপরাধের শামিল। 
 
কমিটি দুটির বিশেষজ্ঞরা মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীকে শিশু অধিকার কনভেনশন ও সিডও কনভেনশন মেনে চলার আহ্বান জানিয়েছেন। নারী ও শিশুদের ওপর নৃশংসতার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গঠিত তথ্য অনুসন্ধানী মিশনকে রাখাইনে যেতে দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
 
 
ইত্তেফাক/ইউবি