নকলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে এক বিদ্যুৎশ্রমিক নিহত ও অপর ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নকলা পৌরসভার পশ্চিম লাভা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিডিবি লাইনের ২০০কেভি ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎশ্রমিক জাহেদুল ইসলাম নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার আবুল কাশেমের ছেলে। আহতরা হলেন, নকলা খাদ্যগুদাম মহল্লার চানু মেম্বারের ছেলে রনি মিয়া ও পিডিবি লাইনে মই সরবরাহকারী আব্দুল মোতালেবের ছেলে লালন মিয়া। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।
বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপনকালে ঘটনাস্থলে কোন প্রকৌশলী বা লাইনম্যানের উপস্থিত না থাকায় এ ধরনের র্দূঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তা/কর্মচারীদের খামখেয়ালী ও গাফেলতীর কারণে এ দূর্ঘটনা সংগঠিত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ইত্তেফাক/ আরকেজি
