ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চেয়ারম্যান বাড়ি সড়কে একটু বৃষ্টি হলেই উপচে পড়ে ময়লা দুর্গন্ধযুক্ত পানি। ময়লা-আবর্জনা ও টয়লেটের বর্জ্যে পুরো রাস্তা যেন একাকার। এতে বোঝার উপায় থাকে না কোথায় খানাখন্দ আর কোথায় সমতল। এ সড়ক দিয়েই চলাচল করতে হয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। দেবিদ্বার উত্তরপাড়া, মোল্লা বাড়ি, চেয়ারম্যান বাড়ির একাংশ, বড় আলমপুর, বিনাই পাড়, ভিংলাবাড়ি, শিবনগরসহ পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে এ বেহাল সড়কে। অপরিকল্পিতভাবে বাড়ি ও দেয়াল নির্মাণের ফলে ড্রেনেজ ও সড়ক নির্মাণ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেন জানান, একটি প্রভাবশালী চক্রের বাধায় ড্রেন নির্মাণ করা হচ্ছে না। গত জুলাই মাসে এ সড়কটির টেন্ডার হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়।
দেবিদ্বার পৌর সহকারী প্রকৌশলী জোবায়দা ইয়াসমিন জানান, এ সড়কটির উত্তর-দক্ষিণ পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও মাঝখানের কিছু অংশের ড্রেনের টেন্ডার হলেও একটি বাধায় বন্ধ হয়ে যায়। এ ড্রেনের কাজটি খুব জরুরি হওয়ায় পৌরসভা থেকে পুনরায় টেন্ডার করিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
