বরিশালের বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ঐতিহ্যবাহী ১৫৮তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের কোঁজগরী লক্ষ্মী পূজা উপলক্ষে চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় নৌকা বাইচ দেখতে বানারীপাড়া,উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, নাজিরপুর, কোটালিপাড়া ও স্বরূপকাঠি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নারী-পুরুষের সম্মিলন ঘটে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ৯টি দল অংশ গ্রহণ করে।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাদারীপুরের বিকাশ বাইনের দল, দ্বিতীয় স্থান একই জেলার সুকুমার বাইনের দল, তৃতীয় স্থান স্বরূপকাঠির উজ্জ্বল তালুকদারের দল।
বাইচ অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হরেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক,উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল প্রমুখ।
ইত্তেফাক/জামান
