ছোটপর্দার জনপ্রিয় মুখ জোভান। নাটক নিয়েই চলছে তার চলতি ব্যস্ততা। ক্যারিয়ারের এই সময়ের মধ্যে কয়েকজনের সাথে জুটি হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন জোভান। এরমধ্যে অভিনেত্রী মেহজাবীনের নামটি প্রথমেই চলে আসে। এ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে জুটি হিসেবে দেখা যায় তাদের।
এমনকি জুটি হিসেবে দর্শকগ্রহণযোগ্যতাও ছিল ইতিবাচক। সেই ধারাবাহিকতায় আবারও মেহজাবীনের সাথে আরও একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। সম্প্রতি ‘সে দাঁড়িয়ে দুয়ারে’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তারা। টেলিফিল্মটি নির্মাণ করেছেন ফয়েজ আহমেদ রেজা।
জোভান বলেন, ‘মেহজাবীনের সঙ্গে আমার প্রথম কাজ ২০১৩ সালে। এরপর থেকে তার সঙ্গে বেশকিছু নাটক টেলিফিল্মে অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝাপড়াটা দারুণ। শুটিংয়ের ফাঁকে ফাঁকে একসঙ্গে বসে স্ক্রিপ্ট পড়ে নিয়ে দু’জনই চরিত্রের মধ্যে ডুবে থাকার চেষ্টা করি। তাতে অভিনয়ও প্রাণবন্ত হয়ে ওঠে। আমি এ কাজটি নিয়ে দারুণভাবে আশাবাদী।’
চলচ্চিত্রে এরইমধ্যে তার অভিষেক হলেও এখন আর চলচ্চিত্র নিয়ে কোনো খবরে আসছেন না তিনি। এ প্রসঙ্গে জোভান বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে তো অবশ্যই আছে। তবে অভিনয়ের জায়গাটা আরও শক্ত করতে চাই। শেখার আরও অনেককিছু আছে।’
ইত্তেফাক/আনিসুর
