হিলি সীমান্তে দুই ভারতীয় আটক

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:২৪
 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
 
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে ফেরার পথে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
তারা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুরের তপন থানার নবাবনগর গ্রামের চিন্তাহরণ দাসের ছেলে হরিশ দাস (৩৯) এবং একই গ্রামের গোপাল পালের ছেলে বীরেন পাল (৩২)।
 
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মাহবুব আলম জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুইজন ভারতীয় নাগরিক হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারে কাছ দিয়ে তাদের দেশে ফেরার চেষ্টা করছিলেন। এসময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। এসময় তাদের আটক করে ক্যাম্পে আনা হয়।
 
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির হাবিলদার নুরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের শনিবার দুপুরে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/ আরকেজি