নওগাঁয় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২২:৫৫
 
নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আতিকুর রহমান অরুফে আতিককে (৪৫) জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ধরে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান (২০) গুরত্বর আহত হয়েছেন।  
 
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দীঘা বিচাইল মোড়ে এ ঘটনা ঘটে । আতিকুর রহমান উপজেলার মশিদপুর ইউনিয়নের সাতোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪০০ বিঘা ওয়াকফ সম্পত্তি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিক শাহ ও তার ভাতিজা অ্যাডভোকেট সোহাগ শাহর মধ্যে দীর্ঘদিন ধরে ভোগদখল নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আর ওই সম্পত্তির প্রায় একশ’ বিঘা জমি সোহাগ শাহর কাছ থেকে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিকুর রহমান বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন। এ নিয়ে সাবেক চেয়ারম্যান তৌফিক শাহ ও সোহাগ শাহর মধ্যে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি ও ছোটখাটো ঝুট-ঝামেলা চলে আসছিল।
 
এর জের ধরে শনিবার বিকেলে আতিকুর রহমান দীঘা বিচাইলে তার লিজকৃত পুকুর থেকে মাছ উত্তোলন করে ভটভটি যোগে অপর পুকুরে নিয়ে যাচ্ছিলেন । এ সময় তিনি মোটরসাইকেল যোগে ভটভটির পেছনে ছিলেন। দীঘা বিচাইল মোড়ে পৌঁছলে বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান তৌফিকের পক্ষের আফজালসহ কয়েকজন আতিকুরের পথরোধ করে লাঠিসোটা দিয়ে মারপিট করেন।
 
এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে ছেলে মেহেদী হাসানকে বেদম মারপিট করা হয়।
 
আতিকুর রহমানের মাথায় আঘাত লাগায় তিনি মাটিয়ে লুটিয়ে পরেন। গুরুত্র আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। আর আহত মেহেদী হাসানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,  লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যা্র সাথে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
 
ইত্তেফাক/ আরকেজি