ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা স্ত্রীর বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার ধনিরহাট ময়মনসিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মৃত মুক্তিযোদ্ধা আ. সাত্তারের স্ত্রী জয়নব বানু ও কন্যা জাহানারা বেগম।
উল্লেখ্য, চারদিন আগে ওই এলাকার বীন ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩০), জয়নালের ছেলে মজিবর (৪০) ও হান্নানের ছেলে শাহিনুর (২০) মাদক সেবন ও জুয়া খেলছিল। তাদের বাঁধা দিয়েছিলেন জয়নব বানু। ফলে উল্লেখ্য ব্যক্তিরা জয়নব বানু ও তার কন্যা জাহানারা বেগমকে মারপিট করে।
দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে “মাদকসেবনে বাধা: ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারপিট” শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। এরপর গত বুধবার রাত ১১টায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মজিবর (৪০) নামে একজনকে গ্রেফতার করে।
মুক্তিযোদ্ধার স্ত্রী জনয়ব বানু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মজিবরের স্ত্রী তার সঙ্গীয় লোকদের নিয়ে বাড়ির চারপাশের বেড়া ভাংচুর করে।
প্রতিবেশী হাফিজ উদ্দীনের স্ত্রী বলেন, গতকাল মুক্তিযোদ্ধার স্ত্রী জয়নব বানু তার বাড়িতে মোবাইল চার্জ দিতে আসেন। এ সময় মজিবরের স্ত্রী রেজিয়া বেগম বৃদ্ধা জয়নব ও তার নাতি জামিরুলের গলায় ছুরি লাগিয়ে হত্যার হুমকিও দেয়।
এ বিষয়ে মজিবরের স্ত্রী রেজিয়া বেগম বলেন, ছুরি গলায় লাগিয়েছিলাম কিন্তু হত্যা করব বলিনি। আজকের ভাংচুরের কথা জিজ্ঞাসা করলে কোন জবাব দেন নি।
ভানোর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ: মালেক বলেন, থানায় অভিযোগ করার পর বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি চলছে। আইনের মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার দাবী জানান তিনি।
বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
মুক্তিযোদ্ধার স্ত্রীর নিরাপত্তার বিষয়ে ওই মামলার তদন্তকারী এসআই পিজুস চন্দ্র সরকার বলেন, বাড়ির বেড়া ভাংচুরের কথা মুক্তিযোদ্ধার স্ত্রী মোবাইলে জানিয়েছেন। আমি ঠাকুরগাঁওয়ে আছি। বালিয়াডাঙ্গীতে গেলে ঘটনাস্থলে যাব এবং ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
