কুষ্টিয়ার মিরপুরে হক হত্যাকাণ্ডে মামলা দায়ের

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০১:৩৩

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে শহীদুল ইসলাম ওরফে হক (৫৫) হত্যাকাণ্ডের ৩২ ঘন্টা পর শনিবার বিকালে থানায় মামলা রেকর্ড হয়েছে। মামলা নং ৪। তাং ৭ অক্টোবর-২০১৭ ইং।

মামলায় হত্যাকাণ্ড সংগঠিত হওয়া উপজেলার ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসের আলী (৫০), সর্বশেষ সংঘটিত জাসদ মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল  জলীল ওরফে রতন ( ৫০), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নবিছদ্দিন মাষ্টার (৬০), উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হাশেম (৫২), আব্দুল মালেক (৪৫), মাহাতাব ফরাজী ও দাউদ মন্ডলসহ ৪৪ জনের নামোল্লেখ এবং আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী নিহতের ছোটভাই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক ওরফে ইনু।

মামলার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হক হত্যায় জড়িত এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এদিকে ওই হত্যাকাণ্ড সংঘটিত হবার পর বাদী পক্ষের লোকজন আসামিপক্ষের লোকজনদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে বলে অভিযোগ করছে। অন্যদিকে বাদী পক্ষের লোকজনদের দাবী আসামি পক্ষরা হককে খুন করেই ক্ষান্ত হয়নি, উপরন্তু নিজেদের বাড়িঘরের মুল্যবান সকল কিছু পুলিশ ও গ্রামবাসীদের সামনে দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে তাদের ওপর মিথ্যা নাটক সাজাবার পায়তারা করছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ঢলসা গ্রামে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের ভোট, বিরোধপুর্ণ জলাশয়ের দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে শহীদুল ইসলাম ওরফে হক খুন হয়।

ইত্তেফাক/নূহু