প্রায় দেড় বছর পর বড়পর্দায় দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহীকে। সেই হিসেবে চলতি বছরে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ঢাকা অ্যাটাক’। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিটি আলোচনায় আসে শুটিংয়ের শুরু থেকেই।
এরপর মাঝে বিভিন্ন সময় প্রচারণার কারণেই আলোচনা হয় ছবিটি নিয়ে। যা একটি ছবি মুক্তির আগে বেশ ইতিবাচক দিক।
ছবিটি প্রসঙ্গে মাহী বলেন, ‘তৃতীয়বারের মতো আমি কোনো ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি। তবে এবারের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। ছবিটি নিয়ে সংশ্লিষ্টদের পাশাপাশি দর্শকদের আগ্রহও ভালো দেখছি। ঢাকা অ্যাটাক দর্শকদের প্রত্যাশার জায়গা পূরণ করবে। এখন পর্যন্ত যারা দেখেছেন সবার ইতিবাচক ধারণা ছবিটি নিয়ে।’
মাহী চলতি সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। এরমধ্যে রয়েছে ‘মন দেব মন নেব’, ‘জান্নাত’ ছবিগুলো। পাশাপাশি যৌথ প্রযোজনার একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। দীর্ঘদিন হলে তার কোনো ছবি পাওয়া যায়নি।
মাহী বলেন, ‘মাঝে ব্যক্তিগত কারণেই একটি বিরতি তৈরি হয়েছিল। সবার বিষয়টি জানা। তবে বিয়ের পর আমি আবারও নিয়মিত কাজ শুরু করেছি। মুক্তির প্রস্তুতিও চলছে অনেকগুলো ছবির।’
ইত্তেফাক/আনিসুর
