‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে মিডিয়া সম্পৃক্ততার বিকল্প নেই’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১১:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেছেন, একুশ শতকের পৃথিবীতে একটি দক্ষ, শিক্ষিত,  স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোগের পরিপূর্ণ সাফল্যের জন্য মিডিয়ার সাথে এর সম্পৃক্ততার কোন বিকল্প নেই।
 
তিনি আরো বলেন, এই জাতীয় উদ্যোগ সফল করতে অনুকূল জনমত গঠন করতে হবে। পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠান গুলোকে মূলধারায় সম্পৃক্ত করতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শুদ্ধাচার নামক কৌশলপত্র গুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে জাতীয় শুদ্ধাচারের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও এরই মধ্যে বর্তমান সরকারের সহযোগিতায় সরকারের তিনটি বিভাগসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো এর অনুশীলন শুরু করেছে।
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে শনিবার দুই দিনব্যাপী এই কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ড. শাহ নেওয়াজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।
 
এসময় উপস্থিত ছিলে ইউজিসির সদস্যবৃন্দ, কেবিনেট ডিভিশনের সচিব, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ ২৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্টার, ফোকাল পয়েন্টে ও  ইউজিসির পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
ইত্তেফাক/এমআর